নিউইয়র্ক সিটিতে উবার ও লিফট ড্রাইভারদের বেতন বাড়লো। ইয়োলো ক্যাবের যাত্রীভাড়া বৃদ্ধির দাবি জোড়ালো হচ্ছে। আগামী ১ মার্চ থেকে উবার ও লিফট ড্রাইভারদের বেলায় তা কার্যকর হবে। এতে তাদের বেতন গড়ে প্রতি বছর ৪ হাজার ডলার বাড়বে। সিটিতে কর্মরত ৯০ হাজার নিয়মিত ও নিয়মিত ড্রাইভার উপকৃত হবেন। সিটি মেয়র এরিক অ্যাডামস গত সপ্তাহে ঘোষণা দেন।
২০১৮ সালে তাদের বেতন তথা যাত্রী ভাড়ার পরিমাণ বাড়ানো হয়েছিল। নতুন নিয়মে চালকরা প্রতি মাইল ন্যূনতম ১.১৬ ডলার এবং প্রতি মিনিটে ০.৫৯ ডলার পাবেন। ফলে সিটির উবার ও লিফট চালকদের বেতন বৃদ্ধি পাবে ৫.৩%।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের এক্সিকিউটিভ ডাইরেক্টর ভৈরবী দেশাই এক বিবৃতিতে বলেছেন, নিউইয়র্ক স্টেটে উবার, লিফট ও ভোয়া চালকরা বেসরকারি খাতে সর্ববৃহৎ কর্মী বাহিনী। এরাই নিউইয়র্ক সিটিকে সচল ও প্রাণবন্ত রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের অধিকাংশই ইমিগ্র্যান্ট কমিউনিটির। যারা তাদের দারিদ্রতা কাটিয়ে উঠার জন্য দিনরাত পরিশ্রম করছেন।
তিনি আরও বলেন, ‘আমরা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, বিশেষ করে সকল খাদ্যের মূল্য বৃদ্ধির চাপে নিস্পেষিত হচ্ছি। নিউইয়র্ক সিটির মত ব্যয়বহুর একটি শহরে বাড়িভাড়া আকাশচুম্বি হয়েছে। যারা গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের ক্ষেত্রে গ্যাস ও মেরামত ব্যয়সহ গাড়ির পরিচালনা ব্যয় বৃদ্ধি পেয়েছে। সিটি ৫.৩% বেতন বৃদ্ধি করায় হাজার হাজার পরিবার কিছুটা হলেও স্বস্তি খুঁজে পাবে। সামান্য হলেও মূল্য বৃদ্ধি জনিত অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে।
এদিকে সিটিতে কর্মরত ১৩ হাজার ইয়োলো ক্যাব ড্রাইভার ভাড়া বৃদ্ধির জন্য জোড়ালো দাবি তুলছেন। তারা উবার ও লিফটের ভাড়া বৃদ্ধিকে স্বাগত জানান। পাশাপাশি তারা বলেন, মুদ্রাস্ফিতির প্রভাব ও জীবনযাত্রার ব্যয়ভার বৃদ্ধি সকলকেই আঘাত করছে। এ থেকে ইয়োলো ক্যাব ড্রাইভাররাও রেহাই পাচ্ছেন না। দৈনিক আয়ের শতকরা ৭০ ভাগ চলে যায় গাড়ির লিজ ও বিভিন্ন সারচার্জে। দিনশেষে ঘরে ফিরতে হয় সামান্য কয়েকটি ডলারে। এমতাস্থায় ইয়োলো ক্যাবের যাত্রীভাড়া বৃদ্ধির প্রস্তাব যুক্তিসঙ্গত। এখনই উচিত টিএলসি ও সিটিকে এগিয়ে আসা। সুত্র:আজকাল
Leave a Reply