বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, ১২ বছর বা তার ওপরে বয়সীদেরও মুখে মাস্ক পরা উচিত। যার যার দেশে বা এলাকায় এ বিষয়ে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে যেসব সুপারিশ দেয়া হয়েছে, সেগুলোও তাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকার করেছে, শিশুদের মধ্যে কিভাবে করোনা ভাইরাস সংক্রমিত বা স্থানান্তর হয় সে বিষয়ে কমই জানা আছে। তবে বিভিন্ন শহরের তথ্যে দেখা গেছে, বয়স্কদের মতো একইভাবে অন্যদের সংক্রমিত করতে পারে টিনেজাররা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, যেসব শিশুর বয়স ৫ বছর বা তার নিচে, তাদের সাধারণত মুখে মাস্ক পরা উচিত নয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এখন পর্যন্তু বিশ্বে করোনা ভাইরাসে মারা গেছেন কমপক্ষে ৮ লাখ মানুষ। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, এখন পর্যন্ত করোনায় বিশ্বে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২ কোটি ৩০ লাখ মানুষ।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে। তবে পরীক্ষা করাতে না পারা এবং করোনার লক্ষণযুক্ত অসুস্থতার নিরিখে বিশ্বে করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে বলে মনে করা হয়। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে দক্ষিণ কোরিয়া, ইউরোপীয়ান ইউনিয়নের দেশগুলোতে এবং লেবাননে।
এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, তিনি আশা করছেন দুই বছরের মধ্যে করোনা মহামারি বিদায় নেবে। কিন্তু বৃটিশ বিজ্ঞানীরা সতর্কতা দিয়ে বলেছেন, কোভিড-১৯ কখনোই নির্মূল করা যাবে না।সুত্র মানবজমিন
Leave a Reply